উপদেষ্টাদের কেউ কেউ বিশেষ দলের পক্ষে কাজ করছেন

জাতীয় শিরোনাম

উপদেষ্টাদের কেউ কেউ বিশেষ দলের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল দলের সাবেক নেতা আ.স.ম হান্নান শাহ্‌র নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত স্মরণসভায় তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ গত এক বছর আগে একটি দানবীয় সরকারকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সরকার গঠন করা হয়েছে। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ভালো মানুষ। তিনি ছয়টি সংস্কার কমিশনের মাধ্যমে দেশের নানা ক্ষেত্রে ব্যাপক সংস্কার কর্মসূচি হাতে নিয়েছেন। দেশের অর্থনীতিকে পুনরুদ্ধারের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু নির্বাচনকে ঘিরে একটি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছে। চতুর্দিক থেকে বিএনপিকে ঘায়েল করার চেষ্টা চালানো হচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ফখরুল বলেন, দেশ এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে। তা এখন চালিয়ে নির্বাচন পর্যন্ত নিয়ে যেতে হবে। 

বিএনপি মহাসচিব বলেন, এ সরকারের নেয়া সংস্কার কর্মসূচির সঙ্গে বিএনপি’র কোনো বিরোধ নেই; বরং বিএনপিই এসব সংস্কারের ধারক-বাহক। বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় সরকারের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন। স্বাধীন গণমাধ্যম চালু করেছেন। এ দেশের নারীদেরকে চাকরিতে প্রবেশের সুযোগ করে দিয়েছেন। সংবিধানে বিসমিল্লাহ চালু করা এবং আল্লাহর ওপর অবিচল আস্থার বিষয়টি সংযোজন করেছেন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবৈতনিক নারী শিক্ষা চালু করেছেন। সর্বশেষ দেশনায়ক তারেক জিয়া ঘোষিত ৩১ দফার সঙ্গে বর্তমান সরকার ঘোষিত সংস্কার কর্মসূচির কোনো বিরোধ নেই। অথচ একটি মহল বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। ভারত আমাদের সঙ্গে সব সময় শত্রুতা করে আসছে। ভারতের সীমান্তরক্ষীরা নির্বিচারে গুলি করে আমাদের দেশের মানুষকে হত্যা করে। যা পৃথিবীর সভ্য কোনো দেশ করে না। তারা ফারাক্কার পানি ছেড়ে দিয়ে আমাদের দেশের মানুষের জানমালের ক্ষতি করে। তাই তাদের সঙ্গে আমরা এমন বন্ধুত্ব চাই, যেখানে কোনো অবিচার থাকবে না। সম্পর্কটা হবে সমানে সমান। তিনি আরও বলেন, ব্রিগেডিয়ার জেনারেল আ.স.ম হান্নান শাহ ছিলেন একজন অকৃত্রিম দেশপ্রেমিক নির্ভীক সাহসী সৈনিক। তিনি বীরের বেশে দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেয়ার জন্য আজীবন লড়াই করেছেন। ফখরুদ্দিন-মঈনুদ্দিন সরকারের আমলে একটি কুচক্রী মহল যখন দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তখন তিনি দলের পক্ষে ও দেশনেত্রীর পক্ষে নির্ভীকচিত্তে সাহসী বক্তব্য দিয়েছিলেন। তিনি ব্যক্তি স্বার্থকে কখনো বড় করে না দেখে দলের ও দেশের স্বার্থকে বড় করে দেখেছেন। তাই তার ছেলে শাহ রিয়াজুল হান্নানকে আগামী সংসদ নির্বাচনে দলের পক্ষ থেকে কাপাসিয়াবাসীর হাতে তুলে দিয়ে তাকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং কাপাসিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব খন্দকার আজিজুর রহমান পেরার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও হান্নান শাহর ছেলে শাহ্‌ রিয়াজুল হান্নান রিয়াজ, কেন্দ্রীয় বিএনপি’র ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড.এম এ কাইয়ুম, সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাহী সদস্য ওমর ফারুক শাফিন, মজিবুর রহমান, গাজীপুর জেলা বিএনপি’র সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী প্রমুখ। এর আগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপজেলার ঘাগটিয়ার গ্রামে হান্নান শাহ’র কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *