
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা আদালতের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় চিরশত্রু ভারতকে দায়ী করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। কোনো তথ্য প্রমাণ উল্লেখ না করেই নিজের এক্স বার্তায় এ দাবি করেন তিনি। আফগান সীমান্ত ঘেঁষা একটি কলেজে হামলার ঘটনায়ও নয়াদিল্লিকে দায়ী করেছেন করেছেন তিনি। বলেছেন, উভয় হামলা অঞ্চলে ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের নিকৃষ্ট উদাহরণ। বিশ্ব সম্প্রদায়কে এসব হামলার ঘটনায় নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন শেহবাজ। পাশাপাশি সম্পূর্ণভাবে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মুল না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি। প্রধানমন্ত্রীর এই অভিযোগের ভিত্তিতে এখনো কোনো প্রমাণ হাজির করতে পারেনি পাকিস্তান। দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ ও তদন্তকারীরা বিষয়গুলো খতিয়ে দেখছেন।
সূত্র: আল জাজিরা।
