
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আদালতের নির্দেশনার পর এখন গেজেট প্রকাশের বিষয়ে পরামর্শ চেয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছি।’
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। তখনকার ঘোষণা অনুযায়ী, বিএনপির ইশরাক হোসেনকে পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন।
দেশে করোনা মহামারি শুরুর পর ১৬ মে দায়িত্ব নেন তাপস। জুনের প্রথম সপ্তাহে প্রথম সভা হয়। সেই হিসেবে এ সিটি করপোরেশনের ৫ বছরের মেয়াদ চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা।
এরপর গত ২৭ মার্চ সেই ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেয় ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল।
