বাংলাদেশি হামজার আলোকচিত্রে শাহরুখের নতুন ইতিহাসইতিহাস গড়লেন শাহরুখ

বিনোদন

শাহরুখ খান,নামটাই যেন একটা ইতিহাস। ৫৯ বছর বয়সে কেবল ছেলে-মেয়েদের অনুপ্রাণিত করতে নতুন করে ইতিহাস রচনা করেছেন ফ্যাশন দুনিয়ায়। জনপ্রিয় এই তারকা প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা হিসেবে মেট গালার মতো মর্যাদাপূর্ণ ফ্যাশন ইভেন্টে অংশ নিয়েছেন, যা বিশ্ব ফ্যাশনের সবচেয়ে গ্ল্যামারাস অনুষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়। বলিউড সুপারস্টার সোমবার নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট-এর কস্টিউম ইনস্টিটিউটে কালো রঙের বিশেষভাবে ডিজাইন করা সাব্যসাচী পোশাকে হাজির হয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন। একজন শাহরুখ হয়ে ওঠার পেছনে থাকে অগনিত মানুষের অবদান,থাকে অনেক ইতিহাস। এবার সেই ইতিহাসেরই অংশ হলেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আলোকচিত্রী আমির হামজা।

মেট গালায় অংশ নিতে নিউইয়র্কে রয়েছেন শাহরুখ। সেখানে নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে সাক্ষাৎকারের সময় তার ছবি তোলেন আমির হামজা, হামজার ক্যামেরাবন্দী শাহরুখের ছবি অনলাইনে ছড়িয়ে পড়তেই নেট দুনিয়ায় তৈরি হয় ব্যাপক আলোড়ন। হামজা ২০১৮ সালে ইন্টারন্যাশনাল সেন্টার অব ফটোগ্রাফি থেকে গ্র্যাজুয়েশন করেন এবং ফটোগ্রাফি ও চলচ্চিত্র—উভয়ের প্রতিই তার রয়েছে প্রবল আগ্রহ। বর্তমানে তিনি নেটফ্লিক্সের জনপ্রিয় শো Patriot Act with Hasan Minhaj-এর অফিসিয়াল ফটোগ্রাফার হিসেবেও কাজ করেছেন।

এক আকাশ স্বপ্ন, অধ্যবসায় আর কঠোর পরিশ্রম দিয়ে ফটোগ্রাফি জগতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন আমির হামজা। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বসেরা পত্রিকা নিউইয়র্ক টাইমসে অফিশিয়াল ফটোগ্রাফার হিসেবে কাজের সুযোগ পান তিনি। সেখানেই শাহরুখের ছবি তুলে রীতিমতো বিশ্ব দরবারে নতুন করে পরিচয় করিয়ে দিলেন কিং খানকে।

জানা যায়, বিগত তিন বছর ধরে তিনি নিউইয়র্ক টাইমস, ব্লুমবার্গ নিউজ, ওয়াল স্ট্রিট জার্নালের মতো পত্রিকায় ফ্রিল্যান্সিং ফটোগ্রাফার হিসেবে নিজের প্রতিভার প্রমাণ দিয়ে এসেছেন। এসব অভিজ্ঞতা তাকে আজ এ সুযোগ এনে দিয়েছে।
২০১২ সালে তিনি ফটোগ্রাফিতে নিজের প্রতিভা আর আসক্তি খুঁজে পান। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি এই স্বপ্নবাজ তরুণকে। স্নাতক পাশের আগেই মনস্থির করেন ক্যারিয়ার গড়বেন এ জগতেই। বিদেশি চলচ্চিত্রের ক্যামেরার নিখুঁত কাজগুলো অনুসরণ করেন, অনলাইনে নানা মাধ্যম থেকে শিখেন এবং বই পড়তে শুরু করেন।
২০১৪ সালে চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ফার্মেসি বিষয়ে স্নাতক পাশ করেছেন এ তরুণ।

ইতোমধ্যেই আমির হামজার ঝুলিতে রয়েছে নানা অর্জন আর অভিজ্ঞতা। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা তার কাজগুলো দেশের স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা পাপলু আর খানের নজরে আসে। ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের ওপর তার নির্মিত এক প্রামাণ্যচিত্রে তাকে কাজ করার সুযোগ দেন। মূলত সেসময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইন্টারন্যাশনাল সেন্টার অব ফটোগ্রাফি থেকে স্কলারশিপ অর্জন করেন তিনি। অসংখ্য পুরস্কারের মধ্যে উল্লেখযোগ্য পুরস্কার হিসেবে পেয়েছেন ২০১৭ সালের সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড, যা ফটোগ্রাফিতে একটি মর্যাদাপূর্ণ পুরস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *