ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজের জন্য শক্ত স্কোয়াড ক্যারিবিয়ানদের

খেলা

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ৭৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে সাড়া ফেলে দেন আমির জাঙ্গু। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ডেজমন্ড হেইন্সের পর প্রথম ক্যারিবিয়ান হিসেবে ওয়ানডে অভিষেকেই শতকের কীর্তি গড়েন তিনি। ২৭ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার জাঙ্গু এবার জায়গা করেছেন ওয়েস্ট ইন্ডিজের আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের দলে।

ক্যারিবিয়ানদের দলে ফিরেছেন ১৮ বছর বয়সী আরেক উইকেটকিপার-ব্যাটার জুয়েল অ্যান্ড্রু। ৬ ওয়ানডের এই সিরিজে দলকে যথারীতি নেতৃত্ব দেবেন শাই হোপ। টাইগারদের বিপক্ষে সিরিজের দলে থেকেও পরে চোটের কারণে ছিটকে যাওয়া দুই পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ ফিরেছেন স্কোয়াডে। দল থেকে বাদ পড়ার তালিকায় উল্লেখযোগ্য নাম শিমরন হেটমায়ার। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের হয়ে ভালো ফর্মে নেই এই বাঁহাতি ব্যাটার। বাংলাদেশের বিপক্ষে শেষ সিরিজের দল থেকে খেলোয়াড়দের আর তেমন পরিবর্তন নেই ক্যারিবীয় স্কোয়াডে। তবে একটি পরিবর্তন এসেছে কোচিং স্টাফে। নিউজিল্যান্ডের জেমস ফ্র্যাঙ্কলিনের জায়গায় বোলিং কোচের দায়িত্ব সামলাবেন নিজেদেরই সাবেক পেসার রবি রামপাল। এছাড়া আয়ারল্যান্ড সফরে কোচিং স্টাফের ভূমিকায় থাকবেন সাবেক আইরিশ অলরাউন্ডার কেভিন ও’ব্রায়েন।

চলতি মাসেই শুরু হবে ওয়েস্ট উইন্ডিজের আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর। ২১শে মে থেকে শুরু হবে আইরিশদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ইংলিশদের বিপক্ষে সমানসংখ্যক ম্যাচের সিরিজটি মাঠে গড়াবে ২৯শে মে। ইংল্যান্ডে ওয়ানডে সিরিজের পর ৩ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজও খেলবে সফরকারীরা। সেই সীমিত ওভারের সিরিজের দল ঘোষণা হবে পরে।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: শাই হোপ, জুয়েল অ্যান্ড্রু, কেসি কার্টি, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *