ইংল্যান্ডের মাঠে গিলের অনন্য দুই রেকর্ড

খেলা

ইংল্যান্ড সফরে শুবমান গিলের ব্যাটে যেন রানের জোয়ার বইছে। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চতুর্থ ম্যাচের পঞ্চম দিন আজ আরেকটি অনন্য কীর্তি গড়েছেন ভারতীয় অধিনায়ক, যেখানে এশিয়ান হিসেবে তিনিই প্রথম। অন্যদিকে সেঞ্চুরিতে গিল ছুঁয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্যার ডন ব্র্যাডমানকে।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যাট হেসেছে গিলের। রানের খাতা না খুলেই দুই উইকেট যাওয়ার পর কেএল রাহুলকে নিয়ে গড়ে তোলেন প্রতিরোধ। ব্যক্তিগত ৯০ রানে রাহুল ফিরলেও লড়াই চালিয়ে যান গিল। শেষ পর্যন্ত থামেন ২৩৮ বলে ১০৩ রানের ইনিংসে। এ নিয়ে সিরিজে চারটি সেঞ্চুরি করলেন এ ভারতীয় ব্যাটার। ইংল্যান্ডে এক সিরিজে তার চেয়ে বেশি শতক নেই আর কারও। সমান চারটি সেঞ্চুরি রয়েছে ব্র্যাডম্যানের।

সেঞ্চুরির আগেই ২৫ বছর বয়সী এই তারকা ইংল্যান্ডের মাটিতে এক সিরিজে স্পর্শ করেন ৭০০ রানের মাইলফলক। এশিয়ার কোনো ব্যাটার হিসেবে এই কীর্তিতে গিলই প্রথম। এর আগে দেশটিতে এক সিরিজের সর্বোচ্চ রানের মালিক ছিলেন পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ। ২০০৬-এ সাত ইনিংসে গ্রিন ক্যাপদের এ সাবেক ব্যাটার করেন ৬৩১ রান। ভারতীয়দের মধ্যে ইংল্যান্ডে এক সিরিজে সবচেয়ে বেশি রান সংগ্রাহক হিসেবে এতদিন ছিলেন রাহুল দ্রাবিড়। ২০০২-এ ছয় ইনিংসে সেবার ৬০২ রান করেন এ ভারতীয় কিংবদন্তি ব্যাটার।

ইংল্যান্ড সফরে আগের সাত ইনিংসে গিলের ব্যাট থেকে আসে ৬১৯ রান। ওল্ড ট্রাফোর্ড টেস্টের প্রথম ইনিংসেই ছাড়ান দ্রাবিড়কে। সাতশ’র ঘরে পা রাখতে দ্বিতীয় ইনিংসে গিলের দরকার ছিল আর ৮১ রান। আর এশিয়ার ব্যাটারদের মধ্যে ইংল্যান্ডে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের নামে লেখতে দরকার ছিল ১৩ রান। ইউসুফকে গিল ছাড়ান চতুর্থ দিনই। ব্যক্তিগত ৭৮ রানে পঞ্চম দিনের খেলা শুরু করা ভারতীয় অধিনায়ক দ্বিতীয় ওভারেই ছুঁয়ে ফেলেন ৭০০ রানের মাইলফলক।

এরপর আরেকটি রেকর্ডে যশস্বী জয়সওয়ালকে ছাড়ান এ ডানহাতি ব্যাটার। ইংল্যান্ডের বিপক্ষে হোম-অ্যাওয়ে মিলিয়ে ভারতীয় ব্যাটারদের মধ্যে এক সিরিজে সর্বোচ্চ রানের মালিক এখন গিলই। ২০২৪-এ ঘরের মাঠে ৯ ইনিংসে ৭১২ রান করেন জয়সওয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *