আলেক্সান্ডার-আর্নল্ডের বীরত্বে শিরোপাজয়ের ৩ পয়েন্টের দূরত্বে লিভারপুল

খেলা

ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড ৩৭ দিন পর মাঠে ফিরলেন। তার ফেরাটাও রাজসিকই হলো। তিনি করলেন দলের একমাত্রে গোলটা। তাতেই তিনি লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপার খুব কাছে নিয়ে গেলেন, ১-০ ব্যবধানের এই জয়ের পর শিরোপা থেকে আর ৩ পয়েন্টের দূরত্বে চলে এসেছে অল রেডরা। সে এক গোলে  ২০১৫-১৬ মৌসুমে প্রিমিয়ার লিগ জেতা লেস্টার সিটির অবনমনও নিশ্চিত হয়ে গেল।

লিভারপুলের শিরোপা আজই নিশ্চিত হয়ে যেত। যদি আর্সেনাল হেরে বসত ইপসউইচ টাউনের কাছে। তবে শেষমেশ তা হয়নি, তারা জিতেছে ৪-০ গোলে। অর রেডদের অপেক্ষাটা বেড়েছে একটু।

আলেক্সান্ডার-আর্নল্ড বদলি হিসেবে নেমে ম্যাচ জয়ী গোল করায় লিভারপুল এখন আর্সেনালের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে আছে। দুই দলেরই বাকি পাঁচটি করে ম্যাচ। এই পাঁচ ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেলেই আর আর্সেনাল ছুঁতে পারবে না লিভারপুলকে। শিরোপাটা হয়ে যাবে তাদের।

ম্যাচের শুরুতে লিভারপুলের জন্য দিনটি মনে হচ্ছিল হতাশার। অবনমন অঞ্চলের দল লেস্টার তাদের রুখেই দিয়েছিল প্রায়। অবশেষে ৭৬তম মিনিটে গোলের দেখা পায় লিভারপুল। মোহামেদ সালাহ ও দিয়োগো জোটা ক্রসবারে বল মারার পর আলেক্সান্ডার-আর্নল্ড খুব কাছ থেকে রিবাউন্ডে শট নিয়ে গোল করেন।

মৌসুম শেষে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন আলেক্সান্ডার-আর্নল্ড, এমন গুঞ্জন বাতাসে প্রবল। তবে গোলের পর তার বুনো উদযাপন ছিল চোখে পড়ার মতো। তিনি জার্সি খুলে কর্নার ফ্ল্যাগে গেঁথে দেন আর দৌড়ে ৩,০০০ আনন্দিত লিভারপুল সমর্থকের দিকে ছুটে যান। এজন্য হলুদ কার্ডও দেখেন তিনি। তবে তাতে কী! লিভারপুলের জয় তো নিশ্চিত হয়েই গেছে! দলও চলে গেছে শিরোপার আরও কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *