
চলতি বছরে আফগানিস্তানের বিপক্ষে ৩ সংস্করণেই সিরিজ খেলার কথা ছিল আয়ারল্যান্ডের। তবে ঘরের মাঠে সিরিজটির পরিকল্পনা বাতিল করা হয়েছে। আয়ারল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম জানিয়েছেন, রাজনৈতিক কোনো সিদ্ধান্ত নয়, বরং অর্থনৈতিক কারণে সিরিজটি বাতিল করা হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সফরসূচি অনুযায়ী, চলতি বছরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল আয়ারল্যান্ডের। তবে আয়োজনের ব্যয়ভার বহন করতে না পারায় দেশটির ক্রিকেট বোর্ড এটি বাতিল করতে বাধ্য হয়েছে। এ প্রসঙ্গে ডিউট্রম বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি আর্থিক কারণে করা সম্ভব হচ্ছে না। আমাদের স্বল্পমেয়াদি বাজেট-সংকট মোকাবিলা করতে হচ্ছে এবং বোর্ডের কৌশলগত লক্ষ্য অনুযায়ী বিনিয়োগের ভারসাম্য বজায় রাখতে হবে।’
তবে এমন ধাক্কার পরও দেশের ক্রিকেটপ্রেমীদের আশার বানী শুনিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী। সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে প্রথমবারের মতো তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করবে বোর্ড। এছাড়াও, মে ও জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও।
মঙ্গলবার ক্রিকেট আয়ারল্যান্ডের প্রকাশিত আন্তর্জাতিক সূচির তালিকায় সিরিজ দু’টির কথা উল্লেখ আছে। ডিউট্রিম আশ্বস্ত করে যোগ করেন, ‘আয়ারল্যান্ডের সমর্থকেরা ঘরের মাটিতে বিশ্বের সেরা ক্রিকেটারদের পারফর্মেন্স উপভোগ করতে পারবেন।’ আইরিশদের কারণটা অর্থনৈতিক হলেও এই সিরিজ বাতিল আফগানিস্তানের জন্য একটি বড় ধাক্কা। মাঠের বাইরের নানা ঘটনায় ক্রিকেটের আন্তর্জাতিক মহলে চাপে আছে দেশটি। ২০২১-এ তালেবানরা ক্ষমতা নেয়ার পর দেশটিতে নিষিদ্ধ করা হয়েছে মেয়েদের খেলাধুলা। এমনকি চিকিৎসাসেবার শিক্ষাও মেয়েদের জন্য নিষিদ্ধ সেখানে। এসব জটিলতায় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দল ইতিমধ্যে আফগানদের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছে। চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের বিপক্ষে ম্যাচটি বয়কট করার জোর দাবি ওঠে ইংল্যান্ডের রাজনৈতিক মহল থেকেও। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে গড়ায়। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানকে নিষিদ্ধ করার আহ্বান জানায় আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান হিউম্যান রাইটস ওয়াচ।
২০১৭তে আইসিসির পূর্ণ সদস্য হয় আয়ারল্যান্ড। এরপর থেকে এখন পর্যন্ত ঘরের মাঠে মাত্র ২টি সহ মোট ১০টি টেস্ট ম্যাচ খেলেছে আইরিশরা। গত বছর সংযুক্ত আরব আমিরাতে আফগানদের বিপক্ষেই প্রথম টেস্ট জয় তুলে নেয় আয়ারল্যান্ড।
