
বেশ কয়েক বছর সিনেমা ছেড়ে আড়ালে চলে গিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। এই সময়ে তাকে নিয়ে নানা গুঞ্জন চলে। তিনি বিয়ে করেছেন, তার সন্তান হয়েছে, এমন খবর পত্রপত্রিকায় প্রকাশিত হয়। অবশেষে গত ফেব্রুয়ারিতে তিনি হঠাৎ করে আলোচনায় আসেন। পারিবারিক সম্পত্তি নিয়ে পরিবারের সদস্যদের সাথে বিরোধের জেরে তিনি আড়াল ভেঙ্গে প্রকাশ্যে আসেন। এ নিয়ে তার বিরুদ্ধে জমি দখল করা নিয়ে তার বোনোর থানায় জিডি করা নিয়ে পারিবারিক কলহের খবর প্রকাশিত হয়। তখন পপি প্রকাশ্যে এসে এমনকি ফেসবুকে লাইভে এসে কথা বলেন। সাংবাদিকের সাথেও কথা বলেন। তখন তিনি তার বিয়ে এবং সন্তানের কথাও স্বীকার করেন। চলচ্চিত্রে ফেরা প্রসঙ্গে তিনি বলেছিলেন, অভিনয়ে আর নিয়মিত না হলেও যে কয়েকটি সিনেমায় তার অভিনয় বাকি রয়েছে, সেগুলো সমাপ্ত করবেন। তবে আবারও তিনি আড়ালে চলে যান। কারো সাথে যোগাযোগ করছেন না। তার নির্দিষ্ট কোনো মোবাইল ফোন নম্বর নেই। ফলে তাকে কল দিয়ে পাওয়া যাচ্ছে না। তবে তার ঘনিষ্ট সূত্র থেকে জানা যায়, তার স্বামী চাচ্ছেন না পপি আর প্রকাশ্যে আসুক বা সিনেমায় কাজ করুক। পপিও তা মেনে চলছেন।
