
তালেবান সরকারের হাতে আটক বৃটিশ দম্পতি কারাগারে মারা যেতে পারেন বলে আশঙ্কা করেছেন তাদের সন্তান জোনাথন রেনল্ডস। পাঁচ মাস আগে বৃটিশ দম্পতি পিটার ও বার্বি রেনল্ডসকে আটক করে তালেবান। পিটার রেনল্ডসের বয়স ৮০ এবং বার্বি রেনল্ডসের বয়স ৭৬। বামিয়ান প্রদেশ থেকে দেশে ফেরার সময় ওই দম্পতিকে আটক করা হয়। জোনাথান বলেছেন, তার পিতা-মাতার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হচ্ছে। তার পিতা তীব্র খিচুনি তার মা রক্তস্বল্পতা ও অপুষ্টিতে অসাড় হয়ে পড়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এক তালেবান কর্মকর্তা ফেব্রুয়ারিতে বিবিসিকে জানান, তারা ওই দম্পতিকে দ্রুত মুক্তি দেয়ার পরিকল্পনা করছে। জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে, ওই দম্পতি যদি পর্যাপ্ত চিকিৎসা সেবা না পায় তাহলে তারা অবিলম্বে মারা যেতে পারেন। এছাড়া তাদের আটকের বিষয়টিকে অমানবিক বলেও অভিহিত করা হয়েছে।
এদিকে রেনল্ডস বলেছেন, পিতা-মাতার জন্য পাঁচ মাস ধরে অপেক্ষা করার অভিজ্ঞতা ভয়াবহ ও অবাস্তব। উল্লেখ্য, ওই দম্পতি ১৮ বছর ধরে আফগানিস্তানে আছেন। তাদের আফগানিস্তানের নাগরিকত্ব ছিলো এবং তারা সেখানে শিক্ষা বিষয়ক কার্যক্রম পরিচালনা করতো। এর মধ্যে একটি প্রজেক্টে নারী ও শিশুদেরকে প্রশিক্ষণ দেয়া হতো। যেখানে দেশটির ১২ বছরের বেশি বয়সী মেয়েদের শিক্ষাগ্রহণ ও নারীদেরকে কাজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান। এদিকে রেনল্ডস বলেছেন, আমার পিতাকে খুনী ও অপরাধীদের সঙ্গে একই জায়গায় রাখা হয়েছে। এছাড়া আলো বাতাস পৌছায় না এমন জায়গায় ছয় সপ্তাহ মতো সময় রাখা হয়। ১৫ জুন ছেলের সঙ্গে সর্বশেষ কথা হয় ওই দম্পতির। সেখানে তারা তাদের শারীরিক অবস্থার অবনতির বিষয়টি অবগত করেন। রেনল্ডস বলেছেন, আমার পিতার শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। যার অতীতে হার্ট অ্যাটাকও হয়েছে। রেনল্ডস বলেছেন, তারা ঠিক কোথায় অবস্থান করছেন তা তিনি জানেন না। সম্প্রতি ওই দম্পতির সঙ্গে সাক্ষাৎ করতে আসেন কয়েকজন বৃটিশ কর্মকর্তা। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রেনল্ডস।
