আদালত এলাকায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চড়-থাপ্পড়, ধাওয়া

প্রচ্ছদ শিরোনাম

আদালত থেকে বের হওয়ার সময় বেশ কয়েকজন আইনজীবী আনিসুল হককে চড়-থাপ্পড় দেয়। এসময় পুলিশ নিরাপত্তায় তাকে দ্রুত প্রিজনভ্যানে তোলা হয়।

আক্রমণের পর আনিসুল হককে দ্রুত পুলিশ ভ্যানে তোলা হয়|

নারায়ণগঞ্জ আদালতে আওয়ামী লীগ নেতা ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চড় থাপ্পড় ও ধাওয়া দেয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করে রিমান্ড শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় বেশ কয়েকজন আইনজীবী আনিসুল হককে চড়-থাপ্পড় দেয়। এসময় পুলিশ নিরাপত্তায় তাকে দ্রুত প্রিজনভ্যানে তোলা হয়।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদরাসাছাত্র হাফেজ সোলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাত দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি। শুনানি শেষে আদালত আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার পর এঘটনা ঘটে।

এর আগে সকালে কড়া নিরাপত্তায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়।

মামলার সুত্রে জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৫ অগাস্ট দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুলিবিদ্ধ হন ১৯ বছর বয়সী হাফেজ সোলাইমান। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয়।

এ ঘটনায় গত বছরের ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করেন নিহত সোলাইমানের ভগ্নিপতি শামীম কবির। মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মন্ত্রী দিপু মনি, আনিসুল হক, ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি শামীম ওসমানসহ ৫১ জনকে আসামি করা হয়েছে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার দৈনিক নয়া দিগন্তকে জানান, ‘সাবেক আইনমন্ত্রীকে নারায়ণগঞ্জ আদালত আনা হবে এসময়ে আইনশৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে সেজন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। সর্বোচ্চ সর্তকতার মধ্যেও যা ঘটে গেছে সে বিষয়ে আরো খোঁজ-খবর নেয়া হচ্ছে। পরবর্তী পদক্ষেপের বিষয় পুলিশ সুপার মহোদয় সিদ্ধান্ত দিবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *