আজমিরীগঞ্জে দুই চেয়ারম্যান গ্রুপের সংঘর্ষ, নিহত ১ আহত ১০

বাংলাদেশ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে দুই চেয়ারম্যানের দ্বন্দ্বের জেরে সংঘর্ষে মদরিছ মিয়া তালুকদার (৫০) নামে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘদিন ধরে শিবপাশা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নলীউর রহমান তালুকাদর এবং সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদারের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো।

এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় আলী আমজাদ তালুকদার গ্রুপের তৌফিক মিয়া তালুকদারের সঙ্গে নলীউর রহমান তালুকদার গ্রুপের হারুন মিয়ার একটি পুকুরের জায়গা নিয়ে বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে উভয় গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের একপর্যায়ে তৌফিক মিয়ার ভাই মদরিছ মিয়া গুরুতর আহত হন। পরে স্বজনরা মদরিছ মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আজমিরীগঞ্জ থানার ওসি এবিএম মাঈদুল হাছান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *