
বাংলাদেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আগামী সপ্তাহে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচারের রায় ঘোষণা হবে। এই মন্তব্যের মাধ্যমে তিনি জুলাই হত্যাকাণ্ডের পরিবারের প্রতি সমবেদনা ও আইনের শাসনের গুরুত্ব আবারও তুলে ধরেছেন।
মাহফুজ আলম মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই হত্যাকাণ্ডের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় এই তথ্য জানান। তিনি বলেন, “আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম, বিচারের কাজ শুরু করবো— সেটা শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে এবং একটা রায় হবে। এতে জুলাই শহীদদের পরিবারের কিছুটা হলেও ব্যথা লাঘব হবে।”
উপদেষ্টা আরও বলেন, “আরও অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে। ট্রাইব্যুনাল চলমান রয়েছে। যারা ছাত্র জনতাকে হত্যার সঙ্গে ও গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের সবারই বিচার হবে। পরবর্তী সরকারে যারা আসবেন তারা এ বিচার কাজ এগিয়ে নেবেন।” মাহফুজ আলম জানান, “সংস্কার কাজে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছে। এটা বাংলাদেশের জন্য বড় একটি প্রাপ্তি। সবাই মিলে সর্বসম্মত হয়েছেন। এর ভেতর দিয়ে বাংলাদেশ একটা নতুন পর্বে রওয়ানা দিলো।”
তিনি আরও বলেন, “জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমের মাধ্যমে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে, তারা যদি এই কাজগুলো করতে পারে তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম সেরকম একটা বাংলাদেশ হবে। সেখানে সবার ক্ষমতার ভারসাম্য থাকবে, বিচারে আইনের শাসন থাকবে, সুবিচার নিশ্চিত হবে। গুম ও খুন আর ফেরত আসবে না।”
