অলিম্পিক গেমসে ক্রিকেটের সূচি প্রকাশ

খেলা

১২৮ বছর পর আবারও অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেমে হবে টি-টোয়েন্টি ক্রিকেট। ৬টি দল অংশ নেবে। মূল শহর থেকে ৫০ কিলোমিটার দূরে পোমেনার ফায়ারগ্রাউন্ড স্টেডিয়ামে হবে ক্রিকেট। তিন বছর আগেই অলিম্পিক ক্রিকেটের দিনক্ষণ জানিয়ে দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স শুরু হবে ২০২৮ সালের ১২ জুলাই। শেষ হবে ২৯ জুলাই। ক্রিকেট শুরু হবে অলিম্পিকের উদ্বোধনী দিনই।

১২ জুলাই থেকেই হবে ক্রিকেট। প্রথমে শুরু হবে নারীদের প্রতিযোগিতা। অধিকাংশ দিন দুটি করে ম্যাচ হবে। তবে ১৪ জুলাই এবং ২১ জুলাই কোনও ক্রিকেট ম্যাচ থাকবে না।

নারীদের ক্রিকেটে পদকের ম্যাচগুলি হবে ২০ জুলাই। পুরুষদের ক্রিকেটের পদকের ম্যাচগুলি হবে ২৯ জুলাই। প্রতিটি দলে ১৫ জন করে ক্রিকেটার থাকবেন। দুই বিভাগ মিলিয়ে মোট ১৮০ জন ক্রিকেটার ২০২৮ সালের অলিম্পিকে খেলার সুযোগ পাবেন।

স্থানীয় সময় সকাল ৯টায় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ক্রিকেট ম্যাচ। ভারতে খেলা দেখা যাবে রাত সাড়ে ৯টা এবং সকাল ৭টায়। প্রাথমিক সূচি ঘোষণা হলেও ৬টি দলকে কী ভাবে বেছে নেওয়া হবে তা এখনও জানায়নি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

আয়োজক হিসেবে ক্রিকেটের দুটি ইভেন্টেই যুক্তরাষ্ট্রের দল থাকবে। আরও পাঁচটি করে দল খেলার সুযোগ পাবে। অনেক দেশই এখন টি-টোয়েন্টি ক্রিকেট খেলে। 

১৯০০ সালে একবারই অলিম্পিকে ক্রিকেট হয়েছিল। সেবার ফ্রান্সকে হারিয়ে সোনা জিতেছিল ইংল্যান্ড। এই দুটি দেশই শুধু অংশ নিয়েছিল অলিম্পিকে ক্রিকেটে। ২০২৮ লস অ্যাঞ্জেলেস গেমসের পর ২০৩২ সালের ব্রিসবেন গেমসেও ক্রিকেট হওয়ার কথা রয়েছে। পর পর দুটি অলিম্পিকে খেলার সুযোগ পাবেন ক্রিকেটাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *