
২০২২ সালের সেই দক্ষিণ আফ্রিকা সফরে করেছিলেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। দীর্ঘ তিন বছর ও ৩০ ইনিংস পর আবারও তিন অঙ্কের দেখা পেলেন মাহমুদুল হাসান জয়।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টের দ্বিতীয় দিন তৃতীয় সেশনে ১৯০ বলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন জয়। দেশের মাটিতে যা প্রথম। জর্ডান নিলের বলে গালি দিয়ে বাউন্ডারিতে তিন অঙ্ক স্পর্শ করেন এই ওপেনার।
শুরু থেকেই তাড়াহুড়া না করে সময় নিয়ে ব্যাট করছেন জয়। ৭২ বলে স্পর্শ করেন ফিফটি। পরে হয়ে যান আরও সাবধানী। পরের পঞ্চাশ করেছেন ১১৮ বলে।
২০২২ সালের মার্চে টেস্ট ক্রিকেটে নিজের চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করেছিলেন জয়, ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
পরের ৩০ ইনিংসে তিনি করতে পারেন কেবল তিনটি ফিফটি। এনসিএলের প্রথম রাউন্ডে সেঞ্চুরি করে ছন্দে ফেরার আভাস দেওয়া ২৪ বছর বয়সী ওপেনার এবার টেস্টেও পেলেন সেঞ্চুরি ছোঁয়া।
সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৮০ রান করে ফিরেছেন আরেক ওপেনার সাদমান। ম্যাথু হামফ্রিজের বলে কাট করতে গিয়ে ব্যাটের নিচের কানায় লেগে উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়েন তিনি। ভাঙে ২৪৮ বল স্থায়ী ১৬৮ রানের উদ্বোধনী জুটি।
১০৪ বলে নয় চার ও এক ছক্কায় ৮০ রান করে ফেরেন সাদমান।
এরপর জয়ের সঙ্গে যোগ দেন মুমিনুল হক। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৩৬ রান। ১২১ রানে ব্যাট করছেন জয়, ৩২ রানে মুমিনুল। প্রথম ইনিংসে এখনও ৫০ রানে পিছিয়ে স্বাগতিকরা।
