
সম্প্রতি পীরগাছা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত একটি মতবিনিময় সভায় অসতর্কতাবশত দেওয়া এক বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগরী আমীর মাওলানা এ টি এম আজম খান।
শনিবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি জানান, ওই সভায় দলের একজন ঊর্ধ্বতন নেতার বক্তব্য উদ্ধৃত করতে গিয়ে কুরবানি সম্পর্কিত একটি তুলনামূলক শব্দচয়ন ব্যবহার করেছিলেন, যা মূলত ‘স্লিপ অব টাং’ বা অনিচ্ছাকৃত ভুল ছিল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে দৃষ্টিগোচর হওয়ার পর তিনি দ্রুত এর ব্যাখ্যা প্রদান করেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেন।
বিবৃতিতে মাওলানা আজম খান উল্লেখ করেন, পবিত্র কুরআন ও হাদিসে বর্ণিত হজরত ইবরাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.)-এর কুরবানির মহান ঘটনা ইসলামের এক অতুলনীয় আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত। এই পবিত্র বিষয়ের সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা করা তার উদ্দেশ্য ছিল না এবং এ ধরনের বক্তব্য তার ব্যক্তিগত বিশ্বাস ও আকিদার পরিপন্থি। তিনি স্পষ্টভাবে জানান যে, বক্তব্যে ব্যবহৃত সেই অনভিপ্রেত শব্দচয়নটি সম্পূর্ণ অসতর্কতাবশত হয়ে গেছে, যা কোনোভাবেই ইচ্ছাকৃত ছিল না।
উক্ত বক্তব্যের কারণে সৃষ্ট পরিস্থিতির জন্য মাওলানা আজম খান সর্বপ্রথম মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। একইসঙ্গে তার এই বক্তব্যে যদি কোনো ভাই-বোন বা শুভানুধ্যায়ী মনে কষ্ট পেয়ে থাকেন, তবে তাদের সবার কাছেও তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। ভবিষ্যতে যেকোনো জনসভায় বা সাংগঠনিক বৈঠকে বক্তব্য প্রদানের ক্ষেত্রে আরও অধিকতর সতর্ক থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং সত্য ও সঠিক পথে চলার তাওফিক কামনা করেছেন।
