
ইউরোপা লীগের ম্যাচে ঘরের মাঠে ৩-১ গোলে হেরেছে ফেনেরবাচে। এতে স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট ফেনারবাচে কোচ জোসে মরিনহো। পাশাপাশি আত্মবিশ্বাসও দেখালেন তিনি। প্রতিপক্ষকে ‘খুব বেশি উদ্যাপন’ না করতে বললেন এই পর্তুগিজ কোচ। কারণ, দ্বিতীয় লেগের খেলা এখনও বাকি।
ইউরোপের ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় শেষ ষোলোর প্রথম লেগে রেঞ্জার্সের কাছে হেরেছে ফেনারবাচে। স্কোরলাইনে হয়ত একপেশে চিত্র অতটা ফুটে উঠছে না, তবে বাস্তবে বৃহস্পতিবার রাতের ম্যাচটিতে কখনোই আশা জাগাতে পারেনি মরিনহোর দল। ম্যাচের শুরুতেই রেঞ্জার্স এগিয়ে যাওয়ার পর আধা ঘণ্টার মধ্যে অবশ্য গোলটি শোধ করেছিল স্বাগতিকরা। তবে বিরতির আগে ফের এগিয়ে যায় স্কটিশ দলটি। শেষ দিকের আরেক গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
এই ম্যাচে তার দলের পারফরম্যান্স যে যাচ্ছেতাই ছিল, মেনে নিচ্ছেন মরিনহো। পরক্ষণেই আবার, নিজের খেলোয়াড়দের উজ্জীবিত করতেই কিনা, প্রতিপক্ষের উদ্দেশ্যে হুমকি দিয়ে রাখলেন স্বঘোষিত ‘দা স্পেশাল ওয়ান’ কোচ। তিনি বলেন, ‘রক্ষণে আমরা খুব করেছি, এটা বলাটা মনে হয় ঠিক হবে না। কারণ আমরা মাঠের সবখানেই বাজে খেলেছি। আপনারা হাসতে পারেন, তবে আমার কাছে এই ফল ভালো। কারণ যেভাবে আমরা খেলেছি, তাতে (হারের ব্যবধান) আরও বড় হতে পারত। তবে কেউ যদি পরে আমাকে জিজ্ঞাসা করতে চায় যে, আমার মতে লড়াই শেষ হয়ে গেছে কিনা, বলব, না হয়নি। আমার তা মনে হয় না। এখনও ৯০ কিংবা ১২০ মিনিটের খেলা বাকি। (আমাদের জন্য) এই মুহূর্তে এটাই কেবল ইতিবাচক দিক। আর এই ম্যাচে আমার চোখে ইতিবাচক কিছু নেই, সবকিছুই ভুল পথে গেছে।’ এরপর মরিনহো ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিপক্ষকে সতর্কও করে দেন তিনি। বলেন, শুধু বলব, খুব বেশি উদ্যাপন করো না, কারণ এখন দ্বিতীয় লেগের খেলা বাকি। এটাই আমার উপদেশ। দ্বিতীয় ম্যাচের পরও যদি তারা উদ্যাপন করতে পারে, তাহলে আমি শুভেচ্ছা জানাব, কারণ লড়াই এখনও শেষ হয়নি।’
আগামী বৃহস্পতিবার রেঞ্জার্সের মাঠে গড়াবে ফিরতি লেগের লড়াই।
