
সফলভাবে ৪৫০ কিলোমিটার পাল্লার ‘আবদালি ক্ষেপণাস্ত্রের’ সফল পরীক্ষা করেছে পাকিস্তান। বলা হয়েছে, সেনাবাহিনীর চলমান সামরিক মহড়ার অংশ হিসেবে এই পরীক্ষা করা হয়েছে। এর মধ্যদিয়ে এই ক্ষেপণাস্ত্র অপারেশনে প্রস্তুত কিনা এবং প্রযুক্তিগত দিক দিয়ে সক্ষম কিনা তা মূল্যায়ন করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। এতে বলা হয়, সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) নিশ্চিত করেছে যে ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৪৫০ কিলোমিটার। অপারেশনে প্রস্তুত কিনা এমন পরীক্ষা- যার নাম- ইনডুস, তার অধীনে এই পরীক্ষা চালানো হয়।
সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড, স্ট্র্যাটেজিক প্লানস ডিভিশন এবং পাকিস্তানের কৌশলগত বিজ্ঞানী সম্প্রদায়ের সিনিয়র কর্মকর্তারা এই পরীক্ষা পর্যবেক্ষণ করেন। আইএসপিআরের মতে, সুনির্দিষ্ট টার্গেট এবং স্থিতিশীল ফ্লাইট পারফরম্যান্স প্রদর্শন করা হয়েছে এই অস্ত্র ব্যবস্থায়। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান, পাকিস্তান সেনাবাহিনীর প্রধানগণ এ কাজে জড়িতদের অভিনন্দন জানিয়েছেন। তারা দেশের প্রতিরোধ ক্ষমতার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। এ প্রজেক্টে জড়িত সব প্রকৌশলী ও বিজ্ঞানীদের প্রশংসা করেছেন তারা।
