বিক্রি শেষ হামজাদের সিঙ্গাপুর ম্যাচের সব টিকিট!

খেলা

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। গতকাল বিকাল ৪টায় সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একই সঙ্গে টিকিট বিক্রেতা প্রতিষ্ঠান টিকিফাইয়ের ওয়েবসাইটে দেখা যায় ‘সোল্ড আউট’।
দুইদিন বিরতির পর সোমবার রাত ১০টা থেকে সীমিত পরিসরে টিকিট বিক্রি শুরু করে টিকিফাই। যদিও ওইদিন রাতে টিকিফাইয়ের ওয়েবসাইটে ঢুকতে গিয়েই দেখা যায়, ‘একসঙ্গে অনেক ব্যবহারকারীর প্রবেশ ঠেকাতে একটি ভার্চ্যুয়াল লাইন চালু করা হয়েছে। অনলাইনে এটি আপনাকে সর্বোত্তম সেবা পাওয়ার অভিজ্ঞতা নিশ্চিত করবে।’ অপেক্ষায় থেকে কেউ কেউ পেয়েছেন কাঙ্ক্ষিত টিকিটের দেখা।  গতকাল সকালে অবশ্য নির্বিঘ্নে টিকিট কাটতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কেউ কেউ। আবার অনেকে হতাশা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বাফুফেকে গালাগাল দিচ্ছেন। গতকাল বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, ‘আমাদের অনলাইনে যে টিকিট ছিল সব বিক্রি হয়ে গেছে। এখন আমরা ফরেনসিক করবো। কোনো টিকিট মিসম্যাচ থাকলে সেটা দেখবো। যদি কোনো টিকিট মিসিং বা অবশিষ্ট ২-১টা থাকে সেটাও আমরা অনলাইনে দেবো।’ টিকিফাইয়ের কাছে সাধারণ গ্যালারি ১৮ হাজার ৩০০, ক্লাব হাউজ-ভিআইপি মিলিয়ে আরও হাজার তিনেক টিকিট থাকার কথা। আগের দিন বাফুফে বিজ্ঞপ্তি দিয়েছিল পূর্ব গ্যালারির টিকিট পরবর্তীতে বিক্রি হবে। গতকাল টিকিফাইয়ের ওয়েবসাইটে সেই অংশের টিকিটও সোল্ড দেখানো হয়েছে। অথচ বাফুফে পূর্ব গ্যালারি নিয়ে পরবর্তীতে আর কোনো বিজ্ঞপ্তি দেয়নি। টিকিফাইয়ের কাছে থাকা সকল টিকিট বিক্রি হয়েছে এটা পরিষ্কার করে তাজওয়ার আউয়াল বলেন, ‘গ্যালারির ১৮ হাজার ৩০০ আসন বিক্রি হয়েছে। ক্লাব হাউজ-২ অনলাইনে ছিল- সেটাও বিক্রি হয়ে গেছে। হসপিটালিটি বক্স রবি কিনেছে। এরকম কিছু বক্স বিক্রি হচ্ছে।’ 
সোমবার রাত ১০টা থেকে টিকিফাইয়ের ওয়েবসাইটে পুনরায় টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়। তখন ফুটবলপ্রেমীদের ওয়েবসাইটে গেলে তিন-চার ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এরপরও অনেকে কাঙ্ক্ষিত টিকিট পাননি। এমন পরিস্থিতিতে গতকাল বিকালের মধ্যে সকল টিকিট কীভাবে বিক্রি হলো এটা বেশ বড় রহস্য। এ নিয়ে টিকিফাইয়ের প্রতিষ্ঠাতা ইফতেখার ইফতি বলেন, ‘আজ (গতকাল) সকালের পর বেশ স্বাভাবিকভাবেই টিকিটের কার্যক্রম সম্পন্ন হয়েছে।  সোমবার রাতে সমর্থকদের অপেক্ষার মাত্রা বেশি ছিল। কারণ আমাদের ওয়েবসাইটের অত্যধিক ট্র্যাফিকের জন্য আরেকটি সাইটের সঙ্গে কোলাবোরেশন করেছিলাম।’
২৪শে মে রাত ৮টায় শুরু হয় সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি। যদিও শুরু হওয়ার কথা ছিল দুপুর ১২টায়। কিন্তু শুরুর কয়েক মিনিটের মধ্যেই সাইট রক্ষণাবেক্ষণ নিয়ে বিপাকে পড়ে প্রতিষ্ঠানটি। এমন ভজকট অবস্থায় সমর্থকেরাও ক্ষোভে ফেটে পড়েন। রাত প্রায় ১১টার দিকে সাইবার আক্রমণের কথা বলে বন্ধ করা হয় টিকিট বিক্রি। ২৪ ঘণ্টার মধ্যে সমাধানের কথা বললেও পেরিয়ে যায় দুইদিন। আগামী ১০ই জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। হামজা চৌধুরীর পাশাপাশি এই ম্যাচে খেলার কথা রয়েছে শমিত সোমের। সব মিলিয়ে ৯টি ক্যাটাগরির ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি করেছে বাফুফে। যার মধ্যে সর্বনিম্ন দাম ধরা হয়েছে সাধারণ গ্যালারি ৪০০ টাকা। আর হসপিটালিটি বক্স, করপোরেট বক্সের প্রতি টিকিটের দাম ধরা হয়েছে সর্বোচ্চ ৫ হাজার টাকা করে। এর বাইরে ভিআইপি-১ বক্সের টিকিটের দাম ৪ হাজার টাকা, ভিআইপি-২ ও ভিআইপি-৩ বক্সের টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা। স্কাই ভিউয়ের টিকিটের দাম ৩ হাজার টাকা। ক্লাব হাউজ-১ এর টিকিটের দাম ২ হাজার ৫০০ ও ক্লাব হাউজ-২ এর দাম ২ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *