
পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিনের (৩৬) মরদেহ ৪ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার রাত ৯টার দিকে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তার মরদেহ হস্তান্তর করা হয়। সীমান্তে বিজিবি ও বিএসএফ কর্তৃপক্ষের উপস্থিতিতে ভারতের রাজগঞ্জ থানার পুলিশ তেঁতুলিয়া থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে। এসময় ভারতের রাজগঞ্জ থানার ইন্সপেক্টর অনুপম মজুমদার, তেঁতুলিয়া থানার এসআই নরেশ চন্দ্র দাস উপস্থিত ছিলেন। পরে পরিবারের পক্ষে মরদেহ গ্রহণ করেন নিহতের বড় ভাই মোস্তফা কামাল। এর আগে গত শনিবার (৮ই মার্চ) ভোররাতে ভিতরগড় কাজীরহাট সীমান্তের উত্তর তালমা শিউডাঙা এলাকায় ভারতের অভ্যন্তরে ভাটপাড়া নামকস্থানে বিএসএফ’র গুলিতে নিহত হন তিনি। নিহত আল আমিন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, নিহতের মরদেহ ফেরত আনার জন্য কুটনৈতিক যোগাযোগ ও পতাকা বৈঠক করা হয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে বিএসএফ মরদেহ ফেরত দেয়।
