নেপালকে মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ

খেলা

সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের শিরোপা থেকে দুই ধাপ দূরে বাংলাদেশ। একটি সেমিফাইনাল, অন্যটি ফাইনাল। এর মধ্যে প্রথম বাধাটি আজ দূর করতে হবে লাল সবুজের যুবাদের। প্রতিপক্ষ হিমালয়কন্যা নেপাল। অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৪টায় শুরু হবে ম্যাচটি।
শিরোপা মিশন নিয়ে অরুণাচলে গেলেও গ্রুপ পর্বের পথ এতটা মসৃণ ছিল না বাংলাদেশের। ‘এ’ গ্রুপে মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে অনাকাঙিক্ষতভাবে ২-২ গোলে ড্র করে হতাশ করে কোচ গোলাম রব্বানীর শিষ্যরা। তবে পরের ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারালে স্বস্তি ফেরে লাল সবুজ শিবিরে। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকে নাজমুল হুদা বাহিনী। মালদ্বীপ ও ভুটানের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় শেষ পর্যন্ত গ্রুপ সেরা হয়েই শেষ চারে পা রাখে বাংলাদেশ। শিরোপার দৌড়ে থাকতে হলে আজ নেপাল বাধা দূর করতে হবে। এ নিয়ে ছক কষছেন কোচ গোলাম রব্বানী। গতকাল নিরজুলির নর্থ ইস্টার্ন রিজিওনাল ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (এনইআরআইএসটি) মাঠে অনুশীলন শেষে এক ভিডিও বার্তায় কোচ বলেন, ‘আমরা ভালভাবেই গ্রুপ পর্ব পার হয়ে এখন সেমিফাইনালে। আগামীকাল (আজ) নেপালের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ। এর মধ্যে যে সময় পেয়েছি, তাতে ছেলেরা শারীরিক ও মানসিকভাবে ভালো প্রস্তুতি নিয়েছে। সেই সঙ্গে নেপালের দুর্বলতা ও শক্তির দিকগুলো খতিয়ে দেখেছি আমরা। আমার মনে হচ্ছে, এই ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এ জন্য আমরাও প্রস্তুত।’ কোচের কণ্ঠে সুর মেলালেন অধিনায়ক নাজমুল হুদাও। অধিনায়ক বলেন, ‘সেমিফাইনালের আগে আমরা নেপালের সবরকম সক্ষমতা এবং অক্ষমতা দেখেছি। আমরা সবাই প্রস্তুত। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা একটি পরিবার ও একটি দল হয়ে সেমিফাইনাল বাধা দূর করে ফাইনালে পৌঁছতে পারি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *