
সাম্প্রতিক সপ্তাহগুলিতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্রদের সংযুক্ত করার হুমকি দিয়েছেন এবং একটি আন্ত:সম্পর্কিত বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন। ২০২০ সালে, মালয়েশিয়ার সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং জনপ্রিয় প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ যখন দ্বিতীয়বার ক্ষমতা ছেড়েছিলেন, ট্রাম্প সম্পর্কে সতর্ক করেছিলেন যে, ট্রাম্পের প্রত্যাবর্তন ‘বিপর্যয়’ ডেকে আনবে। মধ্যবর্তী বছরগুলিতে কোনও কিছুই তার ভবিষ্যদ্বাণী পরিবর্তন করতে পারেনি।
আসছে জুলাইতে ৯৯ বছর বয়সী মাহাথির যখন তার ১শ’ তম জন্মদিনের প্রস্তুতি নিচ্ছেন, টাইম ম্যাগাজিনকে দেয়া একটি সাক্ষাতকারে ট্রাম্প সম্পর্কে বলেছেন, ‘গ্রিনল্যান্ড, পানামা দখল এবং গাজা থেকে মানুষকে বহিষ্কার করার কথা বলা, এই ধরণের জিনিস এখন করা যাবে না। আপনাকে মানুষের অধিকার বিবেচনা করতে হবে। এভাবে দেশ পরিচালনা করা যায় না।’
মাহাথির মার্কিন দ্বিমুখী নীতির সমালোচনা করে বলেন, ‘ইউক্রেনের ক্ষেত্রে, (ট্রাম্প) বলেছেন: এখন আপনাকে ঋণ পরিশোধ করতে হবে; এটি একটি ঋণ। কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে, এটি ঋণ নয়। আপনি গণহত্যা করতে সাহায্য করছেন। এবং এটি এমন কোনও মডেল নয়, যা আমরা পছন্দ করি।’
সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশের সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় একটি রাষ্ট্রীয় সফর শেষ করেছেন। দুই দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে উপগ্রহ পর্যন্ত বিষয়গুলিতে স্বাক্ষরিত ৩১টি সমঝোতা স্মারক উন্মোচন করেছে। এই প্রসঙ্গে মাহাথির, যিনি তার কর্মজীবনে চীনা উদ্যোক্তাদের প্রতি বিরুপ ছিলেন, বলেছেন, ‘তারা খুবই পরিশ্রমী মানুষ, অত্যন্ত দক্ষ, আপনি তাদের উন্নতি ঠেকাতে পারবেন না। চীন বাজার ধরে রাখার জন্য সবকিছু করবে এবং ইউরোপীয়রা আগে যা করেছিল ঠিক তাই করছে।’
ট্রাম্প প্রশাসন চীনের উপর ২শ’ ৪৫শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের পাশাপাশি, এই মাসের শুরুতে এশিয়া সফরের সময় মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের দেয়া তাইওয়ান প্রণালী সহ ইন্দো-প্রশান্ত মহাসাগরে শক্তিশালী, প্রস্তুত এবং বিশ্বাসযোগ্য প্রতিরোধ ব্যবস্থা তৈরির প্রতিশ্রুতি সম্পর্কে মাহাথির বলেন, ‘চীন অনেক আগেই তাইওয়ান আক্রমণ করতে পারত কিন্তু তাইওয়ান কাজে আসছিল বলে তা করেনি। কিন্তু যুক্তরাষ্ট্র খুশি নয় কারণ কোনও সঙ্ঘত নেই।’
মাহাথির বলেন, ‘আপনারা (প্রাক্তন মার্কিন হাউস স্পিকার ন্যান্সি) পেলোসিকে সেখানে পাঠিয়েছেন কী করার জন্য? চীনকে উস্কে দেয়ার জন্য। তাই এখন চীন তার শক্তি প্রদর্শন করতে চায়, আর তাইওয়ানকে এখন তার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতে হবে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনে।’
মাহাথির মোহাম্মদ বিতর্কিত দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌ চলাচলের স্বাধীনতাকে অস্থিতিশীল বলে অভিহিত করেছেন এবং তাদের প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘ধরুন চীন যদি ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠায় এবং সেখানে মহড়া করে, তাহলে যুক্তরাষ্ট্র কী করবে? এটা আমেরিকা মহাদেশ নয়, এটা দক্ষিণ চীন সাগর, এটা এশিয়া। যুক্তরাষ্ট্র একটি বিশ্বশক্তি, কিন্তু আপনাদের সেই শক্তিকে বিচক্ষণতার সাথে ব্যবহার করতে হবে, জাতিগুলির মধ্যে সঙ্ঘাত উস্কে দেওয়ার জন্য নয়।’
ইউরোপের মূল ভূখ-ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বিষয়ে তিনি বলেন, ‘আবারও, এটি পশ্চিমাদের রাশিয়াকে উস্কে দেয়ার বিষয়। আমার এটি অনুভূত হয় যে, ইউরোপ শত্রু রাখতে পছন্দ করে। যদি এটা রাশিয়া না হয়, তাহলে মুসলিম দেশগুলো।’
মাহাথির যুক্তি দেন যে সোভিয়েত ইউনিয়নের পতনের পর মস্কোর নেতৃত্বাধীন ওয়ারশ চুক্তি ভেঙে যাওয়ার পর ন্যাটো বিলুপ্ত করে দেয়া উচিত ছিল। তিনি বলেন, ‘পরিবর্তে, ন্যাটো সমস্ত ওয়ারশ চুক্তিভুক্ত দেশগুলিকে ন্যাটোভুক্ত করে নেয় এবং রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেয়। ইউক্রেন ন্যাটোতে যোগদান করতে পারার আগেই, রাশিয়া আগাম পদক্ষেপ নিয়েছে।’
ট্রাম্পকে রাশিয়ার সাথে যোগাযোগ করতে ইচ্ছুক দেখা কি ইতিবাচক নয়? এর জবাবে একটি ক্লান্তিকর দীর্ঘশ্বাস ফেলে মাহাথির বলেন, ‘আমরা মার্কিন প্রেসিডেন্টদের এই ধরণের অবস্থান নিতে দেখি না, আসলে রাশিয়ানদের সাথে একমত হতে দেখি না।’ ট্রাম্প সম্পর্কে মাহাথির বলেন, ‘আমি মনে করি না তিনি বিশ্ব বোঝেন, তিনি সময়ের চেয়ে ১শ’ বছর পিছিয়ে আছেন।’
