জোবাইদা রহমানের সাজার বিরুদ্ধে আপিল শুনানি বৃহস্পতিবার

বাংলাদেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের মামলায় তিন বছরের কারাদণ্ড হয়েছিল ২০২৩ সালের আগস্টে। দীর্ঘ ৫৮৭ দিনের বিলম্ব শেষে তিনি আপিলের অনুমতি পান এবং হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে। সেই আপিলের শুনানির জন্য হাইকোর্ট আগামী বৃহস্পতিবার (২২ মে) দিন ধার্য করেছে।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকার কাফরুল থানায় একটি মামলা করে, যেখানে আসামি করা হয় তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুকে। মামলার অভিযোগ ছিল, তারা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং সেগুলোর তথ্য গোপন করেছেন। ২০২৩ সালের ২ আগস্ট এই মামলার বিচার শেষে আদালত রায় দেন। রায়ে তারেক রহমানকে দুটি ধারায় মোট ৯ বছরের কারাদণ্ড ও তিন কোটি টাকা জরিমানা এবং জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়। এই রায়ের বিরুদ্ধে জোবাইদা রহমান উচ্চ আদালতে আপিল করেন এবং সেই আপিলের শুনানির দিন ধার্য হয়েছে বৃহস্পতিবার (২২ মে)।

জানা যায়, ২০২৩ সালের ২ আগস্ট ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক মো. আছাদুজ্জামান এই রায় দেন। আদালত রায়ে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২) ধারায় তারেক রহমানকে তিন বছর ও ২৭(১) ধারায় ছয় বছরের কারাদণ্ড এবং ৩ কোটি টাকা জরিমানা করেন। একই আইনের ২৭(১) ধারায় জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড এবং ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এই রায়ের পর গত বছরের শেষের দিকে জোবাইদা রহমান সরকারের কাছে একটি আবেদন করেন, যার ভিত্তিতে তার সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়। ২০২৪ সালের ১০ অক্টোবর প্রকাশিত গেজেটে বলা হয়, আইনের ক্ষমতাবলে এবং আপিলের সুবিধার্থে তার সাজা স্থগিত করা হলো। এরপর চলতি বছরের ৬ মে তিনি যুক্তরাজ্য থেকে দেশে ফিরে আসেন।

তিন বছরের এই সাজার বিরুদ্ধে জোবাইদা রহমান হাইকোর্টে আপিল করেন। ১৪ মে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন এবং আপিল শুনানির জন্য গ্রহণ করেন। এর আগে ১৩ মে হাইকোর্ট ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করে আপিল গ্রহণযোগ্য ঘোষণা করেন। ২১ মে বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

উল্লেখ্য, ওইদিন আদালতে জোবাইদা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান এবং ব্যারিস্টার কায়সার কামাল। তাদের সঙ্গে আরও ছিলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ এবং অ্যাডভোকেট জাকির হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *