জিতলেও যেখানে অস্বস্তি টাইগারদের

খেলা

ব্যাটারদের পথ দেখিয়েছিলেন পারভেজ হোসেন ইমন। তার সেঞ্চুরিতে আসা পুঁজিতে লড়ে পেসাররা এনে দিয়েছে জয়। তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের শঙ্কার জায়গা কাটেনি। প্রথম ম্যাচ জিতলেও স্বস্তিতে নেই লিটন দাসরা। সেঞ্চুরিয়ান পারভেজ ছাড়া কেউ ভালো করতে পারেননি। বোলিংয়ের শুরুও ভালো ছিল না।

আজ শারজায় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে দুই বিভাগেই উন্নতি করে দাপুটে জয়ের আশা অধিনায়ক লিটন দাসের। রাত ৯টায় শুরু হতে যাওয়া ম্যাচটি দেখা যাবে টি স্পোর্টস ও নাগরিক টিভিতে।

আমাদের আরও ভালোভাবে শেষ করতে হবে। কারণ, শেষ তিন ওভারে আমরা খুব বেশি রান করতে পারিনি।

লিটন দাস, বাংলাদেশ দলের অধিনায়ক

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার রাতের ম্যাচে পারভেজ ছাড়া বাংলাদেশের কোনো ব্যাটার উইকেটে টিকতে পারেননি। একপ্রান্তে ৯ ছক্কার রেকর্ড গড়া ইনিংসে ৫৪ বলে ১০০ রান করেন বাঁ-হাতি ওপেনার। তামিম ইকবালের পর বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে এটি দ্বিতীয় সেঞ্চুরি। বাকি কেউ ২০ রানও ছাড়াতে পারেননি। অথচ উইকেট ছিল ব্যাটিং সহায়ক। 

গত ম্যাচে ব্যাটারদের আউটগুলোও ছিল বিব্রতকর। সবাই উইকেট ছুড়ে এসেছেন। পারভেজকে কেউ যোগ্য সঙ্গ দিতে পারলে স্কোর সহজেই দুইশ পার হয়ে যেত। পরে বড় লক্ষ্য তাড়া করতে নেমে আরব আমিরাতের ব্যাটাররাও কঠিন পরীক্ষা নিয়েছেন বাংলাদেশ বোলারদের। 

জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ১০ রানের মধ্যে শেষ পাঁচ উইকেট হারিয়ে ১৬৪ রানে অলআউট হয় আরব আমিরাত। ২৭ রানে হেরে যায় স্বাগতিকরা। জয় পেলেও অস্বস্তি থেকে বের হতে পারেননি সফরকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *