জর্ডান সফরের দলে নেই সাবিনা-মাসুরা-কৃষ্ণারা!

খেলা

হামজা দেওয়ান চৌধুরী, সামিত সোম, তপু বর্মণদের ঘরের মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়ে যখন দেশে চলছে উন্মাদনা। ঠিক তখনই আফিদা খন্দকার-মারিয়া মান্ডাদের জর্ডান সফর নিয়ে আলোচনায় দেশের নারী ফুটবল। কারণ আগামী মাসে এশিয়ান কাপ বাছাই খেলবে জাতীয় নারী দল। মিয়ানমারে অনুষ্ঠেয় এ বাছাইয়ের প্রস্তুতির জন্যই ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে আজ সকালে জর্ডানের উদ্দেশ্যে দেশ ছাড়বে লাল-সবুজের মেয়েরা। এ উপলক্ষে গতকাল মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জর্ডান সফরের দল ঘোষণা করেন জাতীয় নারী দলের ব্রিটিশ প্রধান কোচ পিটার জেমস বাটলার। এসময় উপস্থিত ছিলেন বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান ও নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ। আগেই ধারণা করা হয়েছিল কোচ বাটলার সিনিয়র কয়েকজন ফুটবলারকে বাদ দিয়েই জর্ডান সফরের দল তৈরি করবেন। তার বিরুদ্ধে বিদ্রোহ করা ১৮ ফুটবলারের মধ্যে তিনি ছুঁড়ে ফেলেছেন সাবেক অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও মাতসুশিমা সুমাইকে। এই পাঁচজনের মধ্যে সাবিনা ও মাসুরা ফর্মে থাকার পরও কেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে তা নিয়ে কাল সংবাদ সম্মেলনে তোপের মুখে পড়েন কোচ বাটলার ও কিরণ।
বাংলাদেশের নারী ফুটবলে কিংবদন্তী সাবিনা খাতুন। তার অধিনায়কত্বে বাংলাদেশ নারী দল দুই বার সাফ চ্যাম্পিয়ন হয়েছে। সেই সাবিনাকে কোচ বাটলার জর্ডান সফরের দলে রাখেননি। দলের অন্যতম সেরা ডিফেন্ডার মাসুরা পারভীনকেও নেয়ার প্রয়োজন মনে করেননি এই ইংলিশ। সংবাদ সম্মেলনের শুরুতেই এ দুই জনের বাদ পড়া নিয়ে প্রশ্ন হলে বাটলারের ব্যাখ্যা,‘সাবিনার অনেক অর্জন রয়েছে। সেটার প্রতি আমি অশ্রদ্ধাশীল নই। এরপরও বলব তার সময় শেষের দিকে। আর মাসুরা এখন সঠিক শেপে নেই। এছাড়া অন্যদের ফিটনেসের ঘাটতি রয়েছে এবং লম্বা সময় ধরে তারা অনুশীলনে ছিল না। এই বাস্তবতা মানতে হবে।’ সাবিনাদের খেলা ভুটান লিগের ফলাফল নিয়েও খানিকটা প্রশ্ন তুলেন বাটলার। তার কথায়,‘ একটা ম্যাচে ২৮-০ গোলের স্কোরলাইন নিঃসন্দেহে প্রতিদ্বন্দ্বিতা প্রকাশ করে না।’ সাবিনা-মাসুররা ভুটান লিগ শেষে বাফুফে ক্যাম্পে যোগ দিলে পুনরায় তারা জাতীয় দলের জন্য বিবেচনায় আসবেন কিনা এই বিষয়টি অবশ্য পরিষ্কার করেননি বাটলার। সিনিয়র ৫ ফুটবলারকে দলে না রাখার কারণ ব্যাখ্যা দিয়ে বাটলার বলেন, ‘আমাকে অনেক কিছু বিবেচনা করেই দল তৈরি করতে হয়েছে। খেলোয়াড়দের গত ছয় মাসের পারফরম্যান্স, ইনজুরির ইতিহাস, খেলার দর্শন-স্টাইল, শৃঙ্খলা, সোশ্যাল মিডিয়া এক্টিভিটিজ সব কিছুই বিবেচনা করা হয়েছে। এছাড়া আগামীর জন্য একটা শক্তিশালী দল গঠনের জন্যই ডেভেলপমেন্টে গুরুত্ব দেওয়া হয়েছে দল নির্বাচনে।’
ভুটানের থাকা যে ৫ ফুটবলারকে দলে রাখেননি সংবাদ সম্মেলনে তাদের প্রত্যেকের সম্পর্কে আলাদা করে ব্যাখ্যা দেন কোচ বাটলার। যদিও কোচের সেই ব্যাখ্যা অনেকের কাছেই গ্রহণযোগ্য হয়নি। সিনিয়র ফুটবলাররা সংযুক্ত আরব আমিরাত সফরে যাননি। তখন ডিফেন্ডার আফিদা খন্দকারকে অধিনায়ক করেছিলেন কোচ বাটলার। এবার জর্ডান সফরের জন্য মারিয়া মান্ডা, ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমা, শামসুন্নাহার জুনিয়রের মতো সিনিয়র ফুটবলার রয়েছেন। এরপরও অধিনায়কত্বের আর্মব্যান্ড আফিদার হাতেই থাকছে। এর কারণ সম্পর্কে বাটলার বলেন,‘শুধু খেলা নয় এবং অভিজ্ঞতাও নয়। নেতৃত্বের গুণাবলি এবং আরো কিছু বিষয়ের উপর অধিনায়কত্ব হয়। সেই বিবেচনা আমার কাছে আফিদাই সেরা। তাকে অধিনায়ক করা আমার সিদ্ধান্ত।’ জর্ডান সফরে চূড়ান্ত দলে ডাক পাওয়া ২৩ জনের মধ্যে ৬০ শতাংশ রয়েছে অনূর্ধ্ব-২০ দলের ফুটবলার। বাটলার এটিকে ফুটবল উন্নয়নের অংশ হিসেবে দেখছেন। জাতীয় দল সব সময় ফলাফল প্রাধান্য ভিত্তিক থাকলেও ইংলিশ কোচের কাছে ফলের সঙ্গে ভবিষ্যত প্রজন্ম তৈরিও গুরু দায়িত্ব। সাবিনা ও মাসুরাকে কেন দলে নেওয়া হয়নি? বাফুফে এ বিষয়ে কোচের কাছে কিছু জানতে চেয়েছিল কিনা, সে প্রসঙ্গে মাহফুজা আক্তার কিরণ বলেন,‘দল ঠিক করা কোচের এখতিয়ার। আমরা কখনো কোচের স্বাধীনতায় হস্তক্ষেপ করি না। এর ব্যাখ্যা কোচই ভালো দিতে পারবেন। তিনি স্বাধীন।’ সিনিয়র ফুটবলার ছাড়া সবশেষ আরব আমিরাত সফরে বাংলাদেশ দুই ম্যাচই হেরেছিল। দুই ম্যাচে শুধু অধিনায়ক আফিদা গোল করেছিলেন। সাবিনার অভাব অনেকটাই স্পষ্ট ছিল। আসন্ন জর্ডান সফরে সাবিনার অনুপস্থিতি সরাসরি অস্বীকার করতে পারেননি অধিনায়ক আফিদা,‘সাবিনা আপু কিংবদন্তী। দল নির্বাচন কোচের সিদ্ধান্ত। এবার মনিকা আপু, মারিয়া আপুরা থাকায় আগের চেয়ে ভারসাম্য হয়েছে দল।’
আজ সকালে দল নিয়ে জর্ডান যাবেন পিটার বাটলার। ত্রিদেশীয় টুর্নামেন্টে ৩১ মে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচ ৩ জুলাই স্বাগতিক জর্ডানের বিপক্ষে। দু’দলই বাংলাদেশের চেয়ে কাগজ-কলমের শক্তিতে এগিয়ে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *