কোথায় কিভাবে লুকিয়ে ছিল স্বৈরাচারের দোসর মমতাজ?

বাংলাদেশ

জাতীয় সংসদে গান গেয়ে ফ্যাসিস্ট হাসিনা আর তার দল আওয়ামী লীগকে তৈলমর্দন করাই ছিলো তার প্রধান কাজ। সংসদ অধিবেশনে অন্যান্য এমপিরা যখন নিজ এলাকার মানুষের উন্নয়নের জন্য আর্জি রাখতেন তখন তিনি ছিলেন ব্যতিক্রম। গান গেয়ে স্বৈরাচারের দালালী করাই যেনো ছিলো তার একমাত্র কাজ। বলছিলাম ফ্যাসিস্ট হাসিনার দল আওয়ামী লীগের মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের কথা। ফ্যাসিস্ট হাসিনা ২৪ এর ৫ আগস্ট গণআন্দোলনের মুখে দেশজুড়ে নারকীয় গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে গেলেও তার কিছু দোসর সাবেক এমপি-মন্ত্রীরা ছিলো বাংলার মাটিতেই। তার মধ্যে অন্যতম হাসিনার নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। সম্প্রতি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বিভিন্ন সময় জাতীয় সংসদে গান গেয়ে ফ্যাসিস্ট হাসিনাকে তৈলমর্দন করা মমতাজ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ফ্যাসিস্টের এই দোসরকে ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে।

স্বৈরাচার হাসিনা আর তার দলের সাঙ্গপাঙ্গরা মিলে বিগত ১৬টি বছর দেশকে রীতিমতো চুষে খেয়েছে। হাসিনার সাথে সাথে অনেক আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতারা পালিয়ে গেলেও পালিয়ে যেতে ব্যর্থ হয় হাসিনার অন্যতম দোসর মমতাজ। তিনি এতদিন ধানমন্ডির একটি বাসায় আত্মগোপনে ছিলেন বলে ইতিমধ্যে নিশ্চিত হওয়া গেছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২টার কিছু সময় আগে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই বাসাতেই এতদিন মমতাজ নিশ্চিন্তে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

হাসিনা পালানোর পর মমতাজকে মাঝেমধ্যে সামাজিক মাধ্যমে সরব দেখা যেতো। এমনকি গানের ভিডিও সামাজিক মাধ্যমে পোষ্ট করতেন তিনি। মানিকগঞ্জ-২ আসনের সাবেক এই সংসদ সদস্য জাতীয় সংসদ অধিবেশনে গান গেয়ে গলা ফাটাতেন বরাবরই। যদিও সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েও নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন। তবে এর আগে টানা দুই মেয়াদে আওয়ামী লীগের এমপি ছিলেন তিনি। এমনকি ২০০৯ সালেও আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন ফ্যাসিস্ট হাসিনার অন্যতম এই দোসর।

সাবেক প্রেসিডেন্ট স্বৈরাচারের দোসর আব্দুল হামিদের পলায়ন ও আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের আলোচনা যখন চারিদিকে চলছে ঠিক তখনি গ্রেফতার হলেন হাসিনার অন্যতম আস্থা ভাজন এই নেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *