কলকাতা থেকে বাংলাদেশি শিল্পীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বললেন স্বর্ণালী

বিনোদন

ভারতের আলোচিত-সমালোচিত টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা’ বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনের পর থেকেই একের পর এক বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে যাচ্ছে। চ্যানেলটির উপস্থাপক-উপস্থাপিকারা অস্বাভাবিক অঙ্গভঙ্গি ও মিথ্য সংবাদ উপস্থাপনের কারণে বাংলাদেশসহ নিজ দেশেও ব্যপক সমালোচিত হচ্ছে। এদিকে, ভারতে নিয়মিত কাজ করছেন বাংলাদেশের অনেক শিল্পী। পাশাপাশি বাংলাদেশের পট পরিবর্তনের পর ভারতে আশ্রয় নিয়েছেন বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। এবার সেসব অভিনয়শিল্পীকে ঘাড় ধাক্কা দিয়ে ভারত থেকে বের করে দেয়ার কথা বললেন চ্যানেলটির উপস্থাপিকা স্বর্ণালী সরকার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে উত্তেজিত অবস্থায় তাকে বলতে শোনা যায়, প্রতিবেশী দেশ থেকে যারা আমাদের দেশে আসছেন, বাংলাদেশি নাগরিক যারা আমাদের দেশে রয়েছেন, থাকছেন, খাচ্ছেন, আমাদের এখানে এসে জীবিকা নির্বাহ করছেন, অভিনয় করছেন, নাম-যশ-প্রতিপত্তি বানাচ্ছেন, আমাদের ট্যাক্সের টাকায় যাদের অর্থ-উপার্জন হয়, তারা বাংলাদেশের অসভ্যতামি দেখে চুপ করে আছেন কেন? বাংলাদেশি অভিনয় শিল্পীদের ওপর অভিযোগ তুলে তিনি বলেন, তারা নিজের দেশের মানুষকে কোনো বার্তা দিচ্ছেন না, তোমরা এমন করো না। এমন করা যায় না। ভারত আমাদের বন্ধু। পেহেলগামের হামলার ঘটনা তুলে ধরে তিনি বলেন, আমাদের দেশে এতো বড় নারকীয় ঘটনার পরেও কোনো নিন্দা জানাচ্ছেন না! তারা শুধুমাত্র নিজেদের লাভ খুঁজছেন। কথায় বলে, কাজের বেলায় কাজী, কাজ ফুরালে পাজী। তারা শুধু নিজেদের কার্য উদ্ধারের জন্য বসে আছেন। সেই সব অভিনেতা-অভিনেত্রীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া উচিত। এই উপস্থাপিকা বলেন, পশ্চিমবঙ্গে বসবাস করে বাংলা ছবিতে কাজ করেন কোন অধিকারে? পশ্চিমবঙ্গের ছেলে-মেয়েদের কাজের সুযোগ কেড়ে নিচ্ছেন কোন অধিকারে? বাংলাদেশী অভিনয় শিল্পীদের থেকেও আমাদের পশ্চিমবঙ্গে অনেক মেধাবী অভিনেতা রয়েছেন। এছাড়া তাদের জন্য বহরমপুর, মালদা, দুর্গাপুর, মুর্শিদাবাদের বহু অভিনয়শিল্পী কাজ হারাচ্ছেন। স্বর্ণালী সরকার দুই বাংলার জনপ্রিয় তারকা অভিনেত্রীর নাম উল্লেখ করে বলেন, জয়া আহসানসহ মিথিলা (সৃজিত মূখার্জির স্ত্রী হিসেবে রয়েছেন), তারা কেন চুপ করে রয়েছেন? বাংলাদেশের এ ধরণের অসভ্যতামিগুলো কেন নীরবে সমর্থন করছেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *