
মধ্যপ্রাচ্যের দেশ ইরাক বর্তমানে এক ভয়াবহ পরিবেশগত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ইতিহাসে দেখা সবচেয়ে খারাপ পানি সংকটে পড়েছে দেশটি। জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব, খরা, এবং নদীতে পানিপ্রবাহ কমে যাওয়ায় দেশটির পানি মজুদ ৮০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এর ফলে ইরাকের কৃষি, জনজীবন ও জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। সোমবার (২৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
বার্তাসংস্থাটির এক প্রতিবেদনে জানায় চলতি বছর ইরাকে শুষ্ক বর্ষা মৌসুম, কম বৃষ্টিপাত ও পার্বত্য অঞ্চলে পর্যাপ্ত বরফ না গলার কারণে পানির ঘাটতি চরমে পৌঁছেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ফোরাত ও দজলা নদীর পানিপ্রবাহ হ্রাস—যার জন্য ইরাক আঙুল তুলছে প্রতিবেশী তুরস্ক ও ইরানের দিকে। সরকারি কর্মকর্তাদের মতে, পানির এই সংকট গত ৮ দশকে আর কখনও দেখা যায়নি।
ইরাকের পানি সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ শামাল জানিয়েছেন, গ্রীষ্মের শুরুতে যেখানে পানি মজুদের পরিমাণ হওয়া উচিত অন্তত ১৮ বিলিয়ন কিউবিক মিটার, সেখানে বর্তমানে তা নেমে এসেছে মাত্র ১০ বিলিয়ন কিউবিক মিটারে। গত বছর এই পরিমাণ ছিল দ্বিগুণ। শামালের ভাষায়, “এই বছর পরিস্থিতি সবচেয়ে খারাপ। গত ৮০ বছরে এত কম পানি মজুদ আমরা দেখিনি।” তিনি এর প্রধান কারণ হিসেবে নদীগুলোর প্রবাহ হ্রাস ও অপ্রতুল বৃষ্টিপাতকে দায়ী করেছেন।
জাতিসংঘ ইতোমধ্যেই ইরাককে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ পাঁচটি দেশের একটি হিসেবে চিহ্নিত করেছে। ফোরাত ও দজলা নদী হাজার বছর ধরে ইরাকের কৃষিতে প্রাণসঞ্চার করে আসছে। কিন্তু প্রতিবেশী তুরস্ক ও ইরানে নদীগুলোর উৎসে বাঁধ নির্মাণ করায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এই কারণে ইরাকে কৃষিজমিতে সেচ দেওয়া কঠিন হয়ে পড়েছে। অনেক কৃষক বাধ্য হয়ে তাদের জমি অনাবাদি রেখেছেন।
সরকার পরিস্থিতি মোকাবিলায় কৃষিখাতে কাটছাঁট করছে। পানির ব্যবহার হ্রাসে সরকারের পক্ষ থেকে খরিফ মৌসুমে চাষযোগ্য জমির পরিমাণ কমিয়ে আনা হয়েছে। পানি মন্ত্রণালয়ের তথ্যমতে, এ বছর প্রায় ১৫ লাখ ৭৫ হাজার ডুনাম (প্রায় ৩.৭৫ লাখ হেক্টর) কৃষিজমি সংরক্ষণের আওতায় আনা হয়েছে। তুলনামূলকভাবে, গত বছর কৃষকদের ২৫ লাখ ডুনাম জমিতে ভুট্টা, ধান ও ফলের বাগান চাষের অনুমতি দেওয়া হয়েছিল।
অন্যদিকে, তুরস্কের সঙ্গে ইরাকের পানি নিয়ে পুরনো টানাপোড়েন রয়েছে। তুরস্ক অভিযোগ করেছে, ইরাক নিজ দেশের পানি ব্যবস্থাপনায় দক্ষতা দেখাতে ব্যর্থ। তবে ২০২৪ সালে দুই দেশ ১০ বছর মেয়াদি একটি ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির লক্ষ্য ছিল নদীর পানি ব্যবস্থাপনায় যৌথ বিনিয়োগ ও উন্নয়ন। তবে পরিস্থিতির উন্নতি এখনও দৃশ্যমান নয়।
উল্লেখ্য, পানির ঘাটতির কারণে শুধু কৃষিই নয়, শহরাঞ্চলেও পানির সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ সবকিছুই মারাত্মক হুমকির মুখে। ইরাকের মতো একটি নদীমাতৃক দেশেও যদি এমন জলসংকট হয়, তবে তা গোটা মধ্যপ্রাচ্যেই ভবিষ্যতের জন্য ভয়াবহ সংকেত হতে পারে। তথ্যসূত্র : এএফপি
