ইয়াশ-তটিনীর সঙ্গে তাহসিন

বিনোদন

দীর্ঘদিন পর সম্প্রতি ঢাকায় এসেছিলেন লাক্স সুন্দরী সিফাত তাহসিন। দেশে ফিরে ঈদের নাটকে অভিনয় করেছেন তিনি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রযোজনায় ‘অগ্নিশিখা’য় দেখা যাবে তাকে। এতে তাহসিনের দুই সহশিল্পী ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। গল্পের প্রধান তিনটি চরিত্রে থাকছেন তারা। দীর্ঘ সাত বছর পর দেশের নাটকে কাজ করা প্রসঙ্গে সিফাত তাহসিন বলেন, আমাদের শুরুর সময় শুটিং হতো একভাবে। এখন কাজ করে মনে হলো পিকনিক মেজাজে ছিলাম! পুরান ঢাকার মতো অতিজনাকীর্ণ জায়গায় কাজ করলেও সেই আবহ টের পাইনি! মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ইউনিটের সবকিছুই দারুণ গোছানো ছিল। তিনি প্রযোজক হিসেবে সবার যত্ন নেন। এতে আমি মুগ্ধ। পরিচালক রানা ফুরফুরে মানুষ। আর ‘অগ্নিশিখা’ চমৎকার একটি গল্প। সবমিলিয়ে মনের মতো একটি কাজ করেছি। ২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পরিচিতি পান সিফাত তাহসিন। সেরা পাঁচে জায়গা করে নেন তিনি। অভিনয়ে নিয়মিত ছিলেন তিনি। বেশ কিছু নাটকে ও বিজ্ঞাপনচিত্রে দেখা গেছে তাকে। ২০১৮ সালে বিয়ে করে বিদেশে পাড়ি জমান তাহসিন। ২০১৯ সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয় তার সর্বশেষ নাটক। সিফাত তাহসিন স্বামী ও চার বছর বয়সী কন্যাসন্তান নিয়ে কানাডার টরন্টোতে থাকেন। গত জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের বিভিন্ন স্থানে একটি নাটকের শুটিং করেছেন তিনি। এবার দেশে এসে অভিনয় করলেন। ‘অগ্নিশিখা’ রচনা ও পরিচালনা করেছেন কেএম সোহাগ রানা। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘অগ্নিশিখা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *