
তারকায় ঠাসা মোহামেডান এবারের ঢাকা প্রিমিয়ার লীগে শিরোপা জয়ের দৌড়ে অন্যতম ফেভারিট। সেই দলটিই কিনা প্রথম ম্যাচে হেরে বসে নবাগত গুলশান ক্রিকেট ক্লাবের কাছে। তবে দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরলো তামিম ইকবালের দল। মাহিদুল ইসলাম অঙ্কন ও তাওহিদ হৃদয়ের ব্যাটে চড়ে রূপগঞ্জ টাইগার্সকে হারায় দলটি। ঢাকা প্রিমিয়ার লীগের ম্যাচে গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৭ উইকেটে জয় পায় মোহামেডান। রূপগঞ্জ টাইগার্সের দেওয়া ২২৩ রানের লক্ষ্য ৭৩ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে লীগের বর্তমান রানার্স-আপরা।ম্যাচের শুরুটা হয় আগের রাতে ওয়ানডে থেকে অবসর নেওয়া মুশফিকুর রহীমকে গার্ড অব অনার দিয়ে। পরে মাঠে নেমে দুইটি স্টাম্পিং ও একটি ক্যাচ নেন অভিজ্ঞ কিপার। ব্যাটিংয়ে নামার প্রয়োজন হয়নি, খেলা শেষে দুই দলের ক্রিকেটাররা মিলে কেক কেটে মুশফিককে বিদায়ী শুভেচ্ছা জানান। রান তাড়ায় শুরুতেই অধিনায়ক তামিম ইকবালকে হারায় মোহামেডান। ফাহাদ হোসেনের অনেক বাইরের বল তাড়া স্লিপে ক্যাচ দেন তিনি। এর আগে করেন ১৭ বলে ১৪ রান। আরেক ওপেনার রনি তালুকদার ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি। ৫ চারে ৪৪ বলে খেলেন ৩৬ রানের ইনিংস। চার নম্বরে নেমে আরিফুল করেন ২৪ বলে ১৫ রান। এরপর আর কোনো বিপদ হতে দেননি হৃদয় ও অঙ্কন। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান দুজনে। ৯৭ বলে ৮১ রান করেন মাহিদুল। ৫ চারের সঙ্গে ২টি ছক্কা মারেন সবশেষ বিপিএলে ঝড় তোলা ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। আর ৪৭ বলে ৭৪ রান করেন হৃদয়। ১১ চারের সঙ্গে তার ব্যাট থেকে আসে ১টি ছক্কা। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬০ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায়
রূপগঞ্জ। আল আমিন জুনিয়র ৪১, তানবীর হায়দার ৩৭ ও বাকিদের ছোট ছোট ইনিংসে কোনোমতে দুইশ পেরোয় দলটি। মোহামেডানের হয়ে ২টি করে উইকেট নেন ইবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
তিন সপ্তাহ মাঠের বাইরে
মুশফিক হাসান
ইনজুরি যেন মুশফিক হাসানের নিত্যদিনের সঙ্গী। লম্বা সময় মাঠের বাইরে থাকার পর
গেলো বিপিএলের মাঝপথে মাঠে ফেরেন তিনি। আবার চোটে পড়েছেন এই পেসার। ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) ম্যাচে গতকাল শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে বোলিংয়ের সময় চোট পান মুশফিক। যে কারণে তাকে অন্তত তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। মুশফিকের চোট নিয়ে মোহামেডানের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন দৈনিক মানবজমিনকে জানান, ‘মুশফিককে ৩/৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ওর ডান পায়ের ঊরুতে চোট লেগেছে।’ আবার চোটে পড়ে হতাশা থাকলেও দ্রুত মাঠে ফিরতে আত্মবিশ্বাসী মুশফিক।
মানবজমিনকে তিনি বলেন, ‘এটা বড় কিছু না। ২/৩ সপ্তাহ বিশ্রাম নিলে আশা করি ঠিক হয়ে যাবে।’ বারবার ইনজুরিতে পড়া নিয়ে তিনি বলেন, ‘এখানে তো আমার হাতে কিছু নেই। মেনে নিতেই হবে, দোয়া করেন যেন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারি।’
এবারের ডিপিএলে মোহামেডানের স্কোয়াড তারকায় ঠাসা। সেখানেও প্রথম দুই ম্যাচেই একাদশে ছিলেন মুশফিক হাসান। তবে গতকাল নিজের দ্বিতীয় ওভারে চোটে পড়ে মাঠ ছাড়তে হয় তাকে। ইনিংসের ১৪তম ওভারের চতুর্থ ডেলিভারি করতে গিয়ে দৌড়ালেও বল ছাড়েননি মুশফিক। পরে নিজের অস্বস্তির কথা জানান মোহামেডান অধিনায়ক তামিম ইকবালকে। এরপর মুশফিককে মাঠ ছেড়ে যেতে হয় ।
